নেত্রকোনার মোহনগঞ্জে চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) পৌরশহরের দৌলতপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক শনাক্তে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
অভিযানকালে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় মনির আলম সূর্য নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে আদর্শ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় শাহনাজ ইসলাম মিমি নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, জরিমানাপ্রাপ্ত ওই দুই ব্যক্তি নিবন্ধিত চিকিৎসক নন। তবে তারা নিজেদের নামের আগে-পরে বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। পাশাপাশি আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় তাদের সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপের পাশাপাশি ভবিষ্যতে কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা ব্যক্তিগত চেম্বারে বসে চিকিৎসাসেবা প্রদান না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় মোহনগঞ্জ থানার পুলিশের একটি দলও অংশ নেয়।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




