ঢাকার সাভারের ভাকুর্তা এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় এক ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ ব্যবসার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচর মাদরাসা রোড ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
আহতরা হলেন— চুনারচর এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান (২৫) এবং তার চাচাতো ভাই দেলোয়ার হোসেন (৩৯)। এদের মধ্যে দেলোয়ার হোসেন মাথায় গুরুতর আঘাত নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীদের বক্তব্য ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বিল্লাল হোসেন, সিয়াম, মনির হোসেন ও ছাদেক হোসেনসহ কয়েকজন মো. আব্দুর রহমান ও দেলোয়ার হোসেনের পথরোধ করেন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালান। এসময় দেলোয়ার হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তার হাতেও জখমের চিহ্ন রয়েছে। পরে চাচাতো ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে আব্দুর রহমানকেও লোহার রড দিয়ে মারধর করা হয়। হামলার একপর্যায়ে আব্দুর রহমানের পকেটে থাকা বিকাশ ব্যবসার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
এ ব্যাপারে সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




