বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা উপজেলার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পাথরঘাটা থানার ডিউটি অফিসার আঁখি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মোস্তফা গোলাম কবির। পরে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর কবিরকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতাকর্মীদের দায়ের করা একাধিক মামলায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
পাথরঘাটা থানার ডিউটি অফিসার আঁখি বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১০ জুন) তাকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। তবে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
প্রতিনিধি/টিবি




