সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

তেঁতুলিয়া নদীতে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৬:৫৭ এএম

শেয়ার করুন:

তেঁতুলিয়া নদীতে মিলল যুবকের মরদেহ

ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) লালমোহনের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শাহাদাত চাঁদপুর জেলার মতলব উজেলার মাথাভাঙা নেছামদি গ্রামের মো. ডালিমের ছেলে ও ঢাকা-চরমোন্তাজ রুটে চলাচলকারী এমভি রেডসন-৫ লঞ্চের ক্যান্টিন বয় ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সেটিকে টেনে নাজিরপুর ঘাটে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিষয়টি নৌপুলিশকে জানানো হলে তাদের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়।

শাহাদাতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ জুন তেঁতুলিয়া নদীর নাজিরপুর এলাকা দিয়ে লঞ্চটি যাওয়ার সময় শাহাদাত লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। এ সময় নদীতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এর পর দিন শাহাদাতের বাবা ডালিম নাজিরপুর এলাকায় এসে ছেলের সন্ধানে এলাকায় মাইকিং করে অনেক খোঁজাখুঁজি করেন। তিন দিন ধরে ওই এলাকায় অবস্থান করে তাকে না পেয়ে বাড়ি চলে যান। এরপর মঙ্গলবার দুপুরের পর জানতে পারেন স্থানীয় জেলেরা নদীতে একটি মরদেহ পেয়েছে। এ খবরে ছেলের পড়নের জামাকাপড় দেখে মরদেহটি শাহাদাতের বলে শনাক্ত করেন। তবে শাহাদাত পূর্ব থেকেই মৃগী রোগী ছিলেন বলে জানান তার বাবা মো. ডালিম।

লালামোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বিষয়টি যেহেতু নদীর তাই নৌপুলিশকে জানানো হয়েছে। নৌপুলিশ ও নিহতের পরিবার আসতেছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর