নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবি রোড এলাকায় এক সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার দরজা ও ট্রাংকের তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৭ লাখ টাকা।
এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক কালবেলার সহ-সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য মো. রাসেল (আদিত্য)।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের বিবি রোডের ২৪৩ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় নয় বছর ধরে মাকে নিয়ে বসবাস করছেন সাংবাদিক রাসেল। সোমবার গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান, ফ্ল্যাটের একটি কক্ষের দরজার হ্যাজবোল্ট ভাঙা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের ভেতরে থাকা একটি টিনের ট্রাংকের সিটকিনির কব্জা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি ভিভো ওয়াই-০৪ (Vivo Y04) স্মার্টফোন, সাংবাদিক রাসেলের মায়ের ব্যবহৃত প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
সাংবাদিক মো. রাসেল জানান, রাতে সবকিছু স্বাভাবিক ছিল। সকালে ঘুম থেকে উঠে দরজার হ্যাজবোল্ট ও ট্রাংক ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, চুরি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/জেবি




