মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

নাসিরনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

Bbaria
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় নাসিরনগর থানায় আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৮ জুন) সকাল-বিকেলের যেকোনো এক সময় নাসিরনগর কলেজ মোড় থেকে কুন্ডা গ্রামের রাস্তা হয়ে তিতাস নদীর সেতু পর্যন্ত কয়েকজন ছাত্রলীগ কর্মী মোটরসাইকেল শোডাউন করেন। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শোডাউনের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা ছাত্রলীগ-এর নেতা নাসিমুর রহমান আকাশ।

ভাইরাল হওয়া ভিডিও ও ফেসবুক পোস্টে নাসিমুর রহমান আকাশ টাইমলাইনে লিখেন, ‘শিশুমৃত্যু, খুন, ধর্ষণ, তেল-গ্যাস-বিদ্যুতের সংকট ও শিক্ষার অধিকার হরণে দায়ী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়। মুজিব তোমার স্মরণে ভয় করিনা মরনে। জেল মামলা হামলা ও মব কোন কিছু দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। চলছে লড়াই, চলবে। শেখ হাসিনা আসবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

এর আগে গত ২৭ মে রাধিকা-নবীনগর মহাসড়কে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ’ ব্যানারে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়কে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় আশিকুর রহমান হৃদয়কে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া গত ১২ মে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সদস্য লিমন আল স্বাধীন। মিছিলের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক।  আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় লিমন আল স্বাধীনকে প্রধান আসামী করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে অন্তর্ভুক্ত করে সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। একইসঙ্গে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের অবহেলার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন। তাদের এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সদর মডেল থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণে বাধ্য হয় বলে তারা দাবি করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ থেকে ৮টি মোটরসাইকেলে একটি শোডাউন অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাসিমুর রহমান আকাশকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১২-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর