ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল (৬৭) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের ঘনিয়া মোড়া গ্রামের ডাক্তার বাড়ির সিরাজুল ইসলাম কনিষ্ঠ ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছে।
ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস ফেনী প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ ফেনী প্রতিনিধি দিদারুল আলম।
বিজ্ঞাপন
তারা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে তার মতো একজন নিষ্ঠাবান কলমসৈনিক হারানোর যে বেদনা সেটি তুলে ধরেন।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম জানান, বাদ জোহর জানাজার নামাজ শেষে তাকে শহরের আল জামেয়াতুল ফালাহিয়া মাদরাসা গোরস্তানে সমাধি করা হবে। তাঁর মৃত্যুতে ফেনীর গণমাধ্যম কর্মীরা একজন অভিভাবক হারিয়েছেন।
প্রতিনিধি/ এজে




