মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৩:৪৬ এএম

শেয়ার করুন:

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে তুষার বিশ্বাস (৩০) নামে এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজ ঘর থেকে তার অচেতন দেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহত তুষার বিশ্বাস উপজেলার বেতবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার মন্টু বিশ্বাসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।


বিজ্ঞাপন


নিহতের চাচাতো ভাই জুয়েল জানান, রোববার (৭ জুন) প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তুষার। সকালে পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কাজে বের হয়ে গেছেন। কিন্তু সন্ধ্যার দিকে তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার বাবা মন্টু বিশ্বাস সন্ধ্যা ৬টার দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে তুষারকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরি খাইরুন্নাহার তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার অনেক আগেই তুষারের মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, ঘরের বৈদ্যুতিক সুইচ থেকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর