সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, মিলল যত অনিয়ম

জেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

Land
ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী। ছবি: ঢাকা মেইল

ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, সেবাদানে ধীরগতি এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের চিত্র পেয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

সোমবার (৮ জুন) সকালে তিনি দুটি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


বিজ্ঞাপন


পরিদর্শনের শুরুতে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী দেখেন, কর্মঘণ্টা শুরু হলেও সহকারী কমিশনার (ভূমি) কর্মস্থলে উপস্থিত নেই। উপস্থিতি নিবন্ধন পর্যালোচনায় দেখা যায়, আটজন কর্মকর্তার মধ্যে মাত্র দুজন নির্ধারিত সময়ে অফিসে এসেছেন।

এ সময় সেবা নিতে আসা কয়েকজন নাগরিক প্রতিমন্ত্রীর কাছে নানা ভোগান্তির কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, একটি সেবা পেতে বারবার অফিসে আসতে হয় এবং নির্ধারিত সময়েও অনেক কাজ সম্পন্ন হয় না। এসব অভিযোগ শুনে প্রতিমন্ত্রী সেবার গতি ও কার্যকারিতা বাড়ানোর নির্দেশ দেন।

তিনি কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসার সময় যাচাই করেন। পাশাপাশি তথ্যকেন্দ্র, হেল্প ডেস্ক ও অবকাঠামোগত সুবিধা ঘুরে দেখেন। জনগণকে দ্রুত সেবা দিতে তথ্যকেন্দ্রকে আরও কার্যকর করার নির্দেশনা দেন তিনি।


বিজ্ঞাপন


পরে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি শাখা পরিদর্শন করে নথি সংরক্ষণ ও রেকর্ড ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। এ সময় কর্মকর্তারা জানান, সার্ভার জটিলতার কারণে নামজারি কার্যক্রম প্রায়ই ব্যাহত হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা। বিষয়টি দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভূমি সেবা নিতে এসে জনগণকে হয়রানির শিকার হতে দেওয়া যাবে না। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সেবার মান উন্নত করতে হবে। দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

পরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী কার্যালয়ের আশপাশে লাইসেন্স ছাড়া পরিচালিত নামজারি কার্যক্রম এবং কয়েকটি অবৈধ স্থাপনার বিষয় নজরে আনেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর