সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

বিষাক্ত মদ পান করিয়ে হত্যা, অভিযুক্ত দুই ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

বিষাক্ত মদ পান করিয়ে হত্যা, অভিযুক্ত দুই ভাই গ্রেফতার
অভিযুক্ত রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০)।

রংপুরের মিঠাপুকুরে অবৈধ মাদকের কারবারকে কেন্দ্র করে বিষাক্ত ও অতিরিক্ত মদ পান করিয়ে হত্যার অভিযোগে দুই ভাইকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

সোমবার (৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন মিঠাপুকুরের খোদ্দ কোমরপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০)।

র‌্যাব জানায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করাকে কেন্দ্র করে সাজু মিয়ার সঙ্গে শত্রুতার সৃষ্টি হয় রফিকুল ইসলামের। চিরতরে শত্রুকে সরে দেওয়ার পরিকল্পনা থেকে গত ৩০ মে রাতে রফিকুল ইসলাম কৌশলে তার আম ও মালটা বাগানে নিয়ে গিয়ে সাজু মিয়া ও তার তিন বন্ধুকে বিষাক্ত এবং অতিরিক্ত পরিমাণ মদপান করান। মদ পান করে সবাই বাড়িতে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাতেই সাজু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জুন দুপুরে সাজু মিয়া (৫৫) মারা যান। পরবর্তীতে মৃত সাজু মিয়ার অন্য তিন বন্ধুও বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৫ জন মারা যায়।

এ ঘটনায় নিহত সাজু মিয়ার ভাগিনা জাহিদুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

অন্যদিকে মদপানে ৫ জনের মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৭ জুন সন্ধ্যায় ঢাকা জেলার আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আত্মগোপনে থাকা মিঠাপুকুরের খোদ্দ কোমরপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে র‌্যাব।


বিজ্ঞাপন


র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর