চুয়াডাঙ্গা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হজরত আলী (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পাশে এয়ারটেল মোবাইল টাওয়ারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা।
বিজ্ঞাপন
আটক হজরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নি.) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সুবদিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরার সময় হজরত আলীকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাঁধে থাকা কফি রঙের একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




