চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় চুয়াডাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া, বিভ্রান্তিকর ও অপতথ্যের বিস্তার রোধে তথ্য যাচাই এবং ফ্যাক্ট-চেকিং এখন সময়ের অপরিহার্য দাবি। সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মী, সরকারি দফতর এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ফ্যাক্ট-চেকিং ছাড়াই অনেক সময় সংবাদ প্রকাশ করা হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ায় এখানেই ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার বেশি ঘটে। এ কারণে সকলকে আরও সচেতন হতে হবে এবং মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তথ্যের সত্যতা নিশ্চিত করা শুধু গণমাধ্যমের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব। অপতথ্য ও গুজব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি তথ্যসমৃদ্ধ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং তথ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/এসএস




