সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৬:৩৫ এএম

শেয়ার করুন:

Accident
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শিশু আলিফ (৮) পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তবে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে তার মা পাকশী এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ কাত হয়ে যায়। এতে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশু আলিফ।

এ সময় এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলে দুজনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিশুটির মা ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে ট্রাক ও অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর