বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে খুলনা বিভাগ থেকে বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন যশোরের সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও প্রশাসক শান্তনু ইসলাম সুমিত।
রোববার (০৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এবারের নির্বাচনে ঢাকা ও অন্যান্য কয়েকটি বিভাগে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাব ক্যাটাগরিতে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যশোর থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, শান্তনু ইসলাম সুমিতের এই বিজয়ের মধ্য দিয়ে বিসিবিতে যশোরের দীর্ঘদিনের নেতৃত্বশূন্যতার অবসান ঘটল।
বিসিবি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো নিয়ে গঠিত ক্যাটাগরি-১-এর ১০টি পরিচালক পদের মধ্যে সাতজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে খুলনা বিভাগের দুটি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। হেভিওয়েট এই ত্রিমুখী লড়াইয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন।
অন্যদিকে, বরিশাল বিভাগের একমাত্র পরিচালক পদে মুন্তাসির আলমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের উত্তরসূরি
বিজ্ঞাপন
নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিত দেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সমাজসেবামূলক পরিবারের সদস্য। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। একই সঙ্গে তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শান্তনু ইসলাম সুমিতের বিজয়ের খবর যশোরে পৌঁছানোর পর স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে এই অঞ্চলের শক্তিশালী কোনো প্রতিনিধিত্ব ছিল না। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, সুমিতের মতো একজন তরুণ, আধুনিক চিন্তাধারার এবং মাঠপর্যায়ের অভিজ্ঞ সংগঠক বিসিবিতে যুক্ত হওয়ায় যশোরের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জোরালো হবে।
এক নজরে বিসিবির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ
২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ এখন চূড়ান্ত। এর মধ্যে ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।
পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সল আমিন (রংপুর), মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন (খুলনা) এবং মিজানুর রহমান (বরিশাল)।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): তামিম ইকবাল (৭৩ ভোট), সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২), ইশরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), ইয়াসির ফয়সাল (৬৮), ফাহিম সিনহা (৬৬), শানিয়ান তানিম (৬৬), আসিফ রাব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), ড. শামীম (৪১) ও সাকেফ আহমেদ সালাম।
ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা/সাবেক ক্রিকেটার): সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।
/এএস




