পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ জুন) খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ডা. আশুতোষ চাকমা, শিক্ষাবিদ নবকুমার চাকমা, সমাজসেবক ধীমান খীসা, নারী নেত্রী নমিতা চাকমা, ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষার্থী মৌনুচিং মারমা এবং প্রজ্ঞা জ্যোতি চাকমাসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত অ্যাডভোকেট দীপেন দেওয়ান পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে দলের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বেচ্ছায় দল ত্যাগ করেননি; বরং তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তাদের দাবি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবি জানান।
বিজ্ঞাপন
পরে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ, খাগড়াছড়ি’ ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
/এএস




