রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী।

শনিবার (৭ জুন) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদে অংশ নেন। এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরেন।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান একটি পবিত্র স্থান। সেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ নেই। বিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া অভিভাবক নাজমুল হক সবুজ বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ করে আসছি। অভিযোগের বিষয়ে বিভিন্ন মহলে অবগত করা হলেও কার্যকর কোনো প্রতিকার পাইনি। তাই আমরা প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবি করছি।

bef921cb-160f-49bb-996c-88a0a83f2e71

মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


বিজ্ঞাপন


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের বিভিন্ন আর্থিক কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে। এসব বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর