মাসিক বেতন ৫০ হাজার টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।
রোববার (৭ জুন) দুপুরে হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাত শেষে এ কর্মসূচি ঘোষণা দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতারা। এর আগে দুপুরে ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেল কলেজ চত্বরের সামনে একটি মৌন মিছিল বের করেন। মৌন মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদমান মিয়া মিরাজ ও সাধারণ সম্পাদক মো. নাঈম শাহরিয়ার।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, চিকিৎসকদের প্রতি সংঘটিত বিভিন্ন অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩ জুন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। একই সাথে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ও ২ জুলাই দুপুরে মেডিকেল কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবির বিষয় নিয়ে এসেছিলেন। তাদের দাবি ও ঘোষিত কর্মসূচির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




