অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলে কৃষিজমি ভরাট ও ড্রেজার সিন্ডিকেটের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইনে ড্রেজার মালিক মাজহারুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের পাগলা নদীসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের পূর্ববর্তী অভিযানের পরও একই এলাকায় নতুন করে ড্রেজার বসিয়ে নদী থেকে কৃষিজমিতে বালু ভরাটের কাজ চলছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হলে বিষয়টি ঢাকা মেইলে প্রকাশ পায়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ড্রেজারের সঙ্গে সংযুক্ত প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দুই ও তিন ফসলি জমি, খাল ও নিম্নাঞ্চল ভরাট করে আসছে। প্রশাসনের অভিযান সত্ত্বেও তারা বিভিন্ন কৌশলে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তবে অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা কৃষিজমি ও জলাশয় রক্ষায় নিয়মিত নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া জানান, কৃষিজমি ভরাট ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস




