নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার মামলায় প্রতিপক্ষের এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০)
নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৬৫)। তিনি ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আব্দুল হামিদের সঙ্গে শরিকার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে তাৎক্ষণিক চারজনকে গ্রেফতার করা হয়।
প্রতিনিধি/এজে




