লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ দুই ভাই হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা একই পরিবারের দুই ভাই। তাদের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী কোনো রকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।

বিজ্ঞাপন
ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চললেও দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ধরলা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দুপুরের দিকে গোসল করতে নেমেই দুর্ঘটনার শিকার হয় ওই তিন কিশোর। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই ভাইয়ের দ্রুত সন্ধান পাওয়ার আশায় এলাকাবাসী অপেক্ষা করছেন।
প্রতিনিধি/এসএস




