শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে এক ঘণ্টায় ১৫ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ৩০

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে এক ঘণ্টায় ১৫ সড়ক দুর্ঘটনা, আহত অন্তত ৩০

ঝিনাইদহের কালীগঞ্জ-কোলা সড়কে বৃষ্টির পানিতে সড়কের ওপর জমে থাকা মাটি কাদায় পরিণত হওয়ায় একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে। শনিবার (৬ জুন) দুপুরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রায় ১৫টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ না পাওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোলা সড়কের খ্রিস্টান মিশনের সামনে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে সড়কের ওপর ছড়িয়ে থাকা মাটি বৃষ্টির পানিতে ভিজে অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। ফলে ওই পথে চলাচলকারী মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়তে থাকে।


বিজ্ঞাপন


খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা জানান, দুপুর ২টা থেকে পরবর্তী এক ঘণ্টার মধ্যে প্রায় ১৫টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এতে চালক ও যাত্রীদের অনেকে আহত হন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলার গোপালপুর গ্রামের জনি জানান, তার বাড়িতে বেড়াতে আসা ঢাকা থেকে আগত জীবন চৌধুরী ও সজিব বিশ্বাস মোটরসাইকেলে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে ওই জায়গায় দুর্ঘটনার শিকার হন। পরে তারা চিকিৎসা নেন। একইভাবে আরও অনেক যানবাহন দুর্ঘটনায় পড়ে বলে জানান তিনি।
 
স্থানীয়দের অভিযোগ, আগের রাতে পাশের একটি মাঠ থেকে ট্রাকে করে মাটি পরিবহনের সময় উল্লেখযোগ্য পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকে। শনিবারের বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হলে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং দুর্ঘটনার সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা অব্যাহত থাকায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করে কাদা অপসারণের অনুরোধ জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, যিনি সড়কে মাটি ফেলে এ অবস্থার সৃষ্টি করেছেন, তাকেই তা পরিষ্কার করতে হবে। তার পরিচয় বা মোবাইল নম্বর সংগ্রহ করে দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


এদিকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে এলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজনের কথা জানিয়ে কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসী। 

প্রশাসনিক সহায়তা না পেলেও স্থানীয় গণমাধ্যমকর্মীরা মানবিক দায়িত্ববোধ থেকে সড়কে অবস্থান নিয়ে যানবাহন চালক ও পথচারীদের সতর্ক করেন এবং দুর্ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। তাদের এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা দ্রুত সড়কটি পরিষ্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর