শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

মালয়েশিয়াগামী নৌকা আটক: ৫০ জন উদ্ধার, ৯ মানবপাচারকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়াগামী নৌকা আটক: ৫০ জন উদ্ধার, ৯ মানবপাচারকারী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড স্টেশন টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরীর দ্বীপ ও বাহারছড়ার সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


অভিযান চলাকালে একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়া উপকূলসংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি আটক করতে সক্ষম হন।

নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং মানবপাচারের সঙ্গে জড়িত নয়জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পারে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া উদ্ধার হওয়া কয়েকজন জানিয়েছেন, তাদের দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়েছিল। পরবর্তীতে তাদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।


বিজ্ঞাপন


কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ভুক্তভোগী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা নৌকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড স্টেশন টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী জানান, মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর