বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন কিশোর গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)।
আহত হয়েছেন সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সজীব হাওলাদার তার দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে নিয়ে আমতলীর শাখারিয়া এলাকা থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘গাজী সম্রাট পরিবহন’ এর একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস




