শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

দুমকিতে ৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

দুমকিতে ৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার
আটক মো. সুমন হাওলাদার (৩৩) ও মো. জামাল মৃধা (৩৪)।

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের দুমকি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদারকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।


বিজ্ঞাপন


র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর সিপিসি পটুয়াখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে একটি দল জানতে পারে, সাকুরা পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ গাঁজা পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয় র‍্যাব।

পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে মো. সুমন হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সুমন দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

জিজ্ঞাসাবাদে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল মৃধা (৩৪) নামে অপর এক সহযোগীকে গ্রেফতার করেন। তিনি কার্তিকপাশা এলাকার আনোয়ার মৃধার ছেলে।


বিজ্ঞাপন


অভিযান শেষে দুপুর দেড়টার দিকে গ্রেফতার দুই আসামি ও জব্দ করা মাদক দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর