শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

‘আগের এসপি-ডিসিরা নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে মাঠ তৈরি করে গেছেন’

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

‘আগের এসপি-ডিসিরা নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে মাঠ তৈরি করে গেছেন’
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব।

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব অভিযোগ করে বলেছেন, সাতক্ষীরায় দায়িত্ব পালন করা কিছু সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) চারটি সংসদীয় আসনে নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে রাজনৈতিক মাঠ তৈরি করে গেছেন। তবে বিএনপি সেই পরিস্থিতির কার্যকর মোকাবিলা করতে পারেনি বলেও তিনি স্বীকার করেন।

শনিবার (৬ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


হাবিবুর ইসলাম হাবিব বলেন, আমরা কখনো ক্ষমতায় ছিলাম না। ক্ষমতায় ছিল জামায়াত, ক্ষমতায় ছিল এনসিপি, ক্ষমতায় ছিল ড. ইউনূস সরকার। তারা আমাদের রাজনৈতিক শক্তি ছিল না। সাতক্ষীরায় যারা এসপি ও ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে কেউ কেউ চারটি সংসদীয় আসনে নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে মাঠ তৈরি করে গেছেন। আমরা তাদের সেই কার্যক্রমের কার্যকর মোকাবিলা করতে পারিনি। এটি আমাদের রাজনৈতিক ব্যর্থতা।

তিনি বলেন, তারপরও বিএনপি গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সফল হয়েছে। বিভিন্ন বিভাগের অধিকাংশ আসনেই বিএনপি ভালো ফল করেছে। কিন্তু সাতক্ষীরায় আমরা জনগণকে প্রত্যাশিতভাবে সম্পৃক্ত করতে পারিনি।

দলীয় নেতাকর্মীদের আত্মসমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা নিজেদের সাংগঠনিক সক্ষমতা যথাযথভাবে প্রমাণ করতে পারিনি। অন্যদিকে জামায়াত দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করেছে। আর আমরা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তি নিয়েই ব্যস্ত ছিলাম।

521a03f9-cc96-4fe1-beb2-fe8f7900f81f


বিজ্ঞাপন


রাজনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দলকে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে হাবিব বলেন, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় আমাদের কৌশলগতভাবে প্রস্তুত হতে হবে। ইউনিয়ন, উপজেলা ও স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনের জন্য এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি নিতে হবে। মাঠে থেকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

f9e19d7d-d0f8-42a8-bb5a-b0ff832b0816

বক্তারা নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবকে অভিনন্দন জানিয়ে বলেন, জেলা পরিষদের কার্যক্রমকে আরও জনমুখী ও কার্যকর করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংবর্ধনাকে ঘিরে জেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন এবং নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর