হাট ও বাজারের দোকান বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রাজবাড়ী সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত ১লা জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই সাময়িক বরখাস্ত করা হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজবাড়ী জেলার সদর উপজেলার ১২ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই আইন অনুযায়ী উল্লিখিত চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
অপরদিকে, আরেকটি চিঠিতে চেয়ারম্যান আশিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে কেন তার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক রাজবাড়ীর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্নীতির অভিযোগে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/টিবি




