শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত, বাসে জরিমানা

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০১:৪৯ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত, বাসে জরিমানা

ঈদুল আজহাকে ঘিরে গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় বনশ্রী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত আদায় করা ৮ হাজার ৪০০ টাকা যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ধাপেরহাট ভূমি অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।


বিজ্ঞাপন


জানা গেছে, ঈদকে সামনে রেখে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বনশ্রী পরিবহনের একটি বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার ও প্রচলিত আইন অনুযায়ী পরিবহন কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা মোট ৮ হাজার ৪০০ টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, ধাপেরহাট থেকে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়া ৮০০ টাকার বেশি নয়। এর চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি। কোনো পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া দাবি করলে যাত্রীরা দ্রুত প্রশাসনকে অবহিত করবেন।

তিনি আরও জানান, যাত্রীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং পরিবহন খাতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর