মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

তালাক দেওয়ার ক্ষোভে স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ সাবেক স্বামীর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

প্রাক্তন স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দোষ স্বীকার
অভিযুক্ত উজ্জ্বল মিয়া।

হবিগঞ্জে প্রাক্তন স্ত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন উজ্জ্বল মিয়া। প্রাক্তন স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, এমন ক্ষোভ থেকেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে আদালতকে জানান।

শুক্রবার (৫ জুন) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। অভিযুক্ত উজ্জ্বল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বহুলা গ্রামে অ্যাসিড নিক্ষেপের এই ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন ওই গ্রামের হুসেন আলীর মেয়ে রুবিনা আক্তার।

রুবিনার স্বজনরা জানান, কয়েক বছর আগে উজ্জ্বলের সঙ্গে রুবিনার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে রুবিনা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, তালাকের পরও উজ্জ্বল তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির কাছে পৌঁছালে উজ্জ্বল রুবিনার মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

রুবিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া চিকিৎসক দোলন দেবনাথের বরাতে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, রুবিনার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তার মুখের বেশির ভাগ অংশ এবং বুকের কিছু অংশসহ শরীরের প্রায় ৯ শতাংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রী রুবিনা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন উজ্জ্বল। এ ছাড়া তাদের ১০ ও ৭ বছর বয়সি দুই ছেলে উজ্জ্বলের কাছে থাকলেও রুবিনা তাদের কোনো খোঁজখবর নিতেন না বলে তিনি দাবি করেন। এসব বিষয় নিয়ে ক্ষোভ থেকেই রুবিনার ওপর হামলার পরিকল্পনা করেন উজ্জ্বল। পরে একটি ব্যাটারি থেকে অ্যাসিড সংগ্রহ করে তিনি রাস্তায় ওত পেতে থাকেন। রুবিনা ঘটনাস্থলে পৌঁছামাত্র তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন।

ওসি আরও জানান, ঘটনার রাতেই এই বিষয়ে মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিকভাবে উজ্জ্বলকে গ্রেফতার করে এবং শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধের দায় স্বীকার করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর