নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে উভয় পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত জামাল মিয়া উপজেলার গন্ডা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে দুই পক্ষের শিশুর মধ্যে খেলনা গাড়ির খেলাধুলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম শুরু করে।
ঘটনার পর অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে যান। তবে তার স্ত্রী অজু আক্তারকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়। বর্তমানে তিনি কেন্দুয়া থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




