গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক রবিউল ইসলামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়ার (ফুটানীর বাজার) জামিয়া কারমিয়া দারুল উলুম মাদরাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অভিযুক্ত রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই মাদরাসার শিক্ষক।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদরাসাটিতে চাকরিতে যোগ দেন। এরপর থেকে ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালের দিকে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। এসময় আশপাশের লোকজন টের পেয়ে রবিউলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রতন মিয়া বলেন, ঘটনাটি শোনার পরে আমি ঘটনা স্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশের দেওয়ার ব্যবস্থা করি৷
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটকে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




