কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য রয়েছেন। সংঘর্ষের জেরে ভৈরব রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ৬টি ট্রেন।
বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমলাপাড়া ও জগন্নাথপুর এলাকার দুই পক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। রাত ৯টা ১০ মিনিটের দিকে শুরু হওয়া সংঘর্ষ দ্রুত স্টেশন এলাকা ও আশপাশে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের অন্তত ৬টি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মহানগর গোধূলী ট্রেনটি ভৈরব স্টেশনের আউটসাইডে অবস্থান নেয়। পারাবত এক্সপ্রেস আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনে। এগারোসিন্ধুর গোধূলী দাঁড়িয়ে থাকে নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে। নরসিংদী কমিউটার ট্রেনটি অবস্থান নেয় খানাবাড়ী স্টেশনে এবং একটি কন্টেইনার ট্রেন আটকা পড়ে মেথিকান্দা স্টেশনে। এছাড়া আরও একটি যাত্রীবাহী ট্রেনকে নিরাপত্তার কারণে নির্ধারিত স্টেশনে অপেক্ষমাণ রাখা হয়।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান, সংঘর্ষের কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ভৈরব স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টেশনের দুই পাশের আউটসাইডে এবং নিকটবর্তী স্টেশনগুলোতে ট্রেনগুলোকে আটকে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
বিজ্ঞাপন
খবর পেয়ে রেলওয়ে পুলিশ, থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে সংঘর্ষে জড়িতদের ইট-পাটকেল নিক্ষেপের কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
প্রতিনিধি/এমআর




