ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে মানবিকতার এক করুণ ও হৃদয়বিদারক পরিণতি ঘটেছে। এক বৃদ্ধকে ট্রেনের ধাক্কা থেকে রক্ষা করতে গিয়ে সুবর্ণ এক্সপ্রেসের আঘাতে প্রাণ হারিয়েছেন তোফায়েল হোসেন ২০ বছর বয়সী এক যুবক।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলের এই দুর্ঘটনায় মুহূর্তেই থেমে যায় যুবক তোফায়েলের জীবন।
বিজ্ঞাপন
নিহত তোফায়েল কসবা উপজেলার আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তোফায়েল কসবা রেলস্টেশনে ঘুরতে যান। তখন এক বৃদ্ধ রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। বিষয়টি টের পেয়ে ওই বৃদ্ধকে সরিয়ে নিতে এগিয়ে যান তোফায়েল। কিন্তু মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তোফায়েল অত্যন্ত মানবিক ও সাহসী স্বভাবের ছিলেন। বৃহস্পতিবার সকালেও তিনি আরেক ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
কসবা রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এমআর




