শুক্রবার, ৫ জুন, ২০২৬, ঢাকা

উখিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন, থানায় স্বামী-শাশুড়ি

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১১:৪৬ পিএম

শেয়ার করুন:

উখিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ খুন, থানায় স্বামী-শাশুড়ি

কক্সবাজারের উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে পারভীন আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে গেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাগলিরবিল এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত পারভীন আক্তার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার আবদুল গফুরের মেয়ে। অভিযুক্ত আবদুল আলম পাগলিরবিল এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

নিহতের ছোট বোন ইয়াসমিন আক্তার বলেন, সকালে খাবার খাওয়ার সময় পারভীন ও তার স্বামীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল আলম স্ত্রীকে মারধর করেন। পরে পারভীন বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে তার স্বামী পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সৌদি আরবপ্রবাসী কামাল উদ্দিন বলেন, পারভীনের তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে আর্থিক সংকট চলছিল। বিভিন্ন সময় পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও অভাব-অনটনের কারণে সংসারে অশান্তি লেগেই থাকত।

স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, পারিবারিক অভাব-অনটনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বিজ্ঞাপন


উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত স্বামী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর