নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের চাপায় মাইক্রোবাসের ২ শিশুর মৃত্যু হয়েছে। এসময় মাইক্রোবাস থাকা আরও ৩ যাত্রী আহত হন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রয়না পাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ ঢাকায় যাচ্ছিলেন। পথে উপজেলার রয়না পাম্প এলাকায় বিপরীতমুখী আমবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আকিব, তার স্ত্রী এ্যানী, ৪ বছরের অপর সন্তান ইহান ও আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে




