কুমিল্লার দেবীদ্বারে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এসময় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের দেবীদ্বার ও কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩ জুন) দিবাগত রাত ১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটন ঘটে।
বিজ্ঞাপন
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নারী যাত্রীর নাম লিজা আক্তার (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার দামপাড়া গ্রামের মীর করিমের স্ত্রী। তিনি চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১টায় সিলেট থেকে চট্টগ্রামগামী আফরোজা পরিবহনের একটি নাইট কোচ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ, মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এবং মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে স্থানীয়দের সহযোগিতায় রাত ৩টা নাগাদ অভিযান চালিয়ে নিহত নারীর লাশ ও আহতদের উদ্ধার করেন।
দেবীদ্বার থানার এসআই সাগর সাহা জানান, চালক সম্ভবত ঘুমিয়ে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মারাত্মক আহত ৭ জনকে অ্যাম্বুলেন্সে করে কুমেক হাসপাতালে এবং বাকিদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। আমরা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ করেছি।
প্রতিনিধি/টিবি




