নওগাঁয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসি, ডিসি, এসপি কিংবা রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ও ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে নাঈমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাঈম বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সুপার জানান, গত ২৫ মে অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিও ওষুধ ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে বলে আপনার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। এখন পাঁচ লাখ টাকা না দিলে আপনার নামে মামলা হবে। সেই ওষুধের দোকানদার মামলা মোকদ্দমার ভয়ে ওই ব্যক্তির নগদ নম্বরে ২০ হাজার ৩০০ টাকা দেন। গত ৩০ মে সেই একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন দিয়ে বলে আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়। আমাকে ৪০ হাজার টাকা না দিলে আপনার নামে মামলা হবে।
তারিকুল ইসলাম বলেন, এ ধরনের প্রতারণার অভিযোগ এলে জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেই। উক্ত অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নাঈম হোসেন নামে এই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হই।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক বেশ কিছুদিন যাবত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। সে নিজেকে কখনো ওসি, এসপি, ডিসি আবার কখনো বড় রাজনৈতিক নেতার পরিচয় দিতেন। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্বারা প্রতারণা শিকার হয়েছে। তার নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ক.ম/




