কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) ভোররাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন হৃদয় (২৮), তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং আসিফ (২৭), তিনি কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা। আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। পরে আসিফ ও আশরাফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফের মৃত্যু হয়। আহত আশরাফুল ইসলামের চিকিৎসা চলছে।
ওসি শেখ মোহাম্মদ আলী আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিজ্ঞাপন
নিহত হৃদয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরদিকে আসিফের মরদেহ এখনও চট্টগ্রামে রয়েছে।
প্রতিনিধি/এসএস




