বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রী এবং তাকে উদ্ধার করতে নেমে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন, রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং স্থানীয় একটি ওয়ার্কশপের মালিক জাফর হাওলাদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাহিদুল ইসলাম। কিছুক্ষণ পর ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনে তাকে উদ্ধারের জন্য ট্যাংকে নামেন জাফর হাওলাদার। তবে তিনিও ভেতরে প্রবেশের পর অচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের একটি অংশ ভেঙে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস




