গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
বিজ্ঞাপন
নিহত শফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙা মোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকার মানিক মিয়ার জামাতা।
স্থানীয়রা জানায়, শফিকুল ইসলাম তার শ্বশুর মো. মানিক মিয়ার বাড়িতে বর্গাকৃত জমির ধান কাটার উদ্দেশে আসেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে সেটি গাছের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বাঁশের লাঠিতে আগুন ধরে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে আটকে পড়েন।
মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঁশে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন এবং দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




