চুয়াডাঙ্গা শহরে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ দাবি করার অভিযোগে ওমর ফারুক (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
ওমর ফারুক চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়া এলাকার ফরজ আলীর ছেলে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার সবুজপাড়া এলাকার এক নারী নিজ বাড়ির নিচতলার ওয়াশরুমে গোসল করছিলেন। এ সময় তিনি ভেন্টিলেটরের দিকে তাকিয়ে দেখতে পান, পাশের একটি আমগাছে উঠে মোবাইল ফোনের মাধ্যমে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তার গোসলের ভিডিও ধারণ করছে ওমর ফারুক। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত দ্রুত গাছ থেকে নেমে পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ওমর ফারুক তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। এ সময় সে ধারণকৃত নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করে। অভিযুক্তের ব্ল্যাকমেইলের মুখে ভুক্তভোগী নারী চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এএস




