কক্সবাজারে ৩৮ হাজার ইয়াবাসহ আব্দুল মতলব (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। উদ্ধার করা ইয়াবার চালানটি বিশেষ কৌশলে পাটের ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে কক্সবাজার পৌরসভার আলীর জাহাল এলাকার প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল।
আটক আব্দুল মতলব টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন আব্দুল মতলবকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি পাটের তৈরি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তল্লাশিকালে একটি ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ১৮টি পোটলা পাওয়া যায়। ওই ব্যাগ থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর একটি পাটের ব্যাগে আরও ২ হাজার ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে তার কাছ থেকে ৩৮ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমেন মণ্ডল জানান, জব্দ করা ইয়াবার চালানটি বিক্রয় ও সরবরাহের উদ্দেশে কক্সবাজার শহরে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সোমেন মণ্ডল আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক সরবরাহ চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস




