মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নিহত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

বরগুনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০) নিহত।

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০) নিহত হয়েছেন।

সোমবার (১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওহাব মিয়া উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ি) মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে। তিনি চাওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওহাব মিয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।


বিজ্ঞাপন


এদিকে মো. ওহাব মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর