সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা নামে এক শিক্ষানবিশ নার্সের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২২ বছর বয়সী ওই তরুণী সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত জেরিন সুলতানার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুরে। বেশ কয়েকদিন ধরে তিনি হামের বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটায় গত রবিবার দুপুরে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আজ সরাইলে কওমি পরিষদের মানববন্ধন
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামের তীব্র উপসর্গ নিয়ে ওই তরুণী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও নিবিড় পর্যবেক্ষণে রাখার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
প্রতিনিধি




