বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ১২:২৫ এএম

শেয়ার করুন:

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ। ছবি: ঢাকা মেইল

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১ জুন) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা রাস্তায় মোটরবাইক না চালিয়ে তা ঠেলে ঠেলে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেন। সমাবেশ থেকে সরকারের এই সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে প্রয়োজনে আবারও গণ-অভ্যুত্থানের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিক্ষোভ মিছিলটি শহরের চিত্রার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাড়িখানা তেল পাম্পের সামনে মোটরসাইকেলগুলো রেখে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।


বিজ্ঞাপন


সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, “সরকার গঠনের মাত্র ১০০ দিনের মধ্যেই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। জনগণ আশা করেছিল নতুন সরকার তাদের প্রত্যাশা পূরণ করবে, কিন্তু তারা শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

তিনি আরও বলেন, “এর আগে আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার পরও হঠাৎ দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে ধারাবাহিকভাবে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।”

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, “খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। পরিস্থিতির অবসান না হলে রাজপথ থেকেই আবারও গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হবে।”

সমাবেশে এনসিপির যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ বলেন, “রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী আমলের মতো আচরণ করছে। বিশ্ববাজারের অজুহাত দিয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে।” জনগণের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়েজিদ হোসেনসহ ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সরকারের নতুন ঘোষণা অনুযায়ী প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা করে বাড়ানো হলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিনিধি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর