নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার, গরুর হাটের নিয়ন্ত্রণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুর আবুল আজম সমর্থকদের সঙ্গে একই এলাকার ইকবাল শিকদার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকালে পূর্ব বিরোধ এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর ও খুলনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/এসএস




