ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের বকুনিতে অভিমান করে হামিদা আক্তার (১২) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার (১ জুন) দুপুরে পুলিশ শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
এর আগে রোববার (৩১ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। হামিদা আক্তার ওই গ্রামের খায়ের মিয়ার মেয়ে।
হামিদার মা খালেদা বেগম জানান, রোববার বিকেলে মেয়েকে পড়াশোনার বিষয়ে বকাবকি করেছিলেন। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করেই ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




