মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দ্রুতগতির ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ গেছে সিয়াম হাওলাদার নামের (১৩) বছর বয়সী এক কিশোরের। রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার সময় সিয়াম বাড়ির পাশে বলই-আড়িয়ল পাঁকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা মেট্রো-ট ২-৫৬৭ নম্বরের একটি আলুবোঝাই দ্রুতগতির ট্রাক, উপজেলার আড়িয়ল এলাকার দিক এসে তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা অভিযুক্ত ট্রাক ও চালক রমজানকে (২৯) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাতেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে টংগিবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটকৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
এআরএম




