পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের সাত দিন পর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেন থানা পুলিশ। তার নাম নজির ফরাজি।
রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেতাগী গ্রামের একটি পরিত্যক্ত কচুরিপানায় ভরা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত নজির ফরাজি ওই গ্রামের মৃত আব্দুল খালেক ফরাজির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নজির ফরাজি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
রোববার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি পরিত্যক্ত খালে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে দশমিনা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের ভাই রাসেল ফরাজি লাশটি শনাক্ত করেন।
নিহতের ভাই রাসেল ফরাজি বলেন, ‘আমার ভাই মাঝে-মধ্যে কাউকে কিছু না বলে বাইরে চলে যেত এবং কয়েকদিন পর আবার ফিরে আসত। তাই প্রথমদিকে আমরা খুব বেশি উদ্বিগ্ন ছিলাম না। তবে আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাইনি। আজ বাড়ির কাছের একটি খালে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমার ধারণা, কেউ তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
বিজ্ঞাপন
দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য সেটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রতিনিধি/এমআর




