ব্রাহ্মণবাড়িয়া শহরের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার (৩১ মে) রাত ৯টার দিকে শহরের পাইকপাড়া ও মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন- শহরের পাইকপাড়া এলাকার জীবন মিয়ার ছেলে পারভেজ (৩০) এবং মেড্ডা স্কুল মসজিদ এলাকার সুরুজ মিয়ার ছেলে রাব্বি (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালান। এ সময় পাইকপাড়ায় নিজ বাসা থেকে পারভেজকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। একই সময়ে মেড্ডা বাসস্ট্যান্ডের সামনে থেকে রাব্বিকে দুই পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, পারভেজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদক সংক্রান্ত ১০টি মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। তাদের থানার হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’
বিজ্ঞাপন
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি শহীদুল ইসলাম।
এএইচ




