যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে মণিরামপুর থানার রাজগঞ্জ-কাশিমনগর সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। তারা উভয়েই মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/একেবি




